
জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনা জানার পর শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নির্দেশে কেন্দ্রের দায়িত্বে থাকা সব শিক্ষক-কর্মকর্তাকে অব্যাহিত দেওয়া হয়েছে।
আজ শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবু খায়ের মো. কামাল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শওকত আলম মীর বলেন, শিক্ষা বোর্ডের প্রতিনিধিরা কলেজে এসেছেন। তারা পরিস্থিতি পর্যালোচনা করছেন। বোর্ড থেকে যে নির্দেশনা দেওয়া হবে, সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের ৪২০২ নম্বর কক্ষে এইচএসসির বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষার সময় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ করা হয়। ওই কক্ষের সব পরীক্ষার্থী ছিলেন সরকারি জাহেদা সফির মহিলা কলেজের শিক্ষার্থী।
পরীক্ষা শেষে ওই কক্ষের পরীক্ষার্থী নুসরাত জাহান বলেন, সারা দেশে সবাই একটি প্রশ্নপত্রে পরীক্ষা দিলেও তারা প্রায় ১০০ জন ভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছেন। এ কারণে পরীক্ষার ফলাফল নিয়ে তারা উদ্বিগ্ন। পাস কিংবা কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারবেন কি না, তা নিয়ে তাদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।