
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশে পাকিস্তান কোস্ট গার্ডের একটি ক্যাম্পে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। সংগঠনটির দাবি, হামলায় ৩০ জনের বেশি নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। এছাড়া আরো কয়েকজন আহত হয়েছেন। তবে এই দাবি এখনো নিশ্চিত করেনি পাকিস্তান সরকার। স্বাধীনভাবেও দাবিটি যাচাই করা সম্ভব হয়নি।
বেলুচিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য বেলুচিস্তান পোস্ট এ তথ্য জানিয়েছে।
বিএলএর মুখপাত্র জিয়ান্দ বেলুচের নামে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, বেলুচিস্তানের উপকূলীয় শহর জিওয়ানির পানওয়ান এলাকায় পাকিস্তান কোস্ট গার্ডের একটি ক্যাম্পে এই হামলা চালানো হয়। এই এলাকাটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গোয়াদর জেলার অন্তর্ভুক্ত। সংগঠনটির দাবি, তাদের বিশেষ ইউনিট ‘মাজিদ ব্রিগেড’ এই অভিযান পরিচালনা করেছে। তারা এটিকে ‘ফিদায়ি’ বা আত্মঘাতী কমান্ডো হামলা হিসেবে উল্লেখ করেছে।
বিবৃতিতে আরো বলা হয়, হামলার আগে তাদের সদস্যরা ক্যাম্পের ভেতরে প্রবেশ করেন। এরপর সেখানে বিস্ফোরণ ও হামলা চালানো হয়। বিএলএর দাবি, হামলায় পাকিস্তানের ৩০ জনের বেশি নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। আরো কয়েক ডজন সদস্য আহত হয়েছেন। তবে পাকিস্তানের সামরিক বা বেসামরিক কর্তৃপক্ষ এখন পর্যন্ত এই হতাহতের তথ্য নিশ্চিত করেনি। হামলার প্রকৃত ক্ষয়ক্ষতির বিষয়েও কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
বিবৃতিতে বিএলএ বলেছে, এই হামলা বেলুচিস্তানে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তাদের চলমান অভিযানের অংশ। সংগঠনটি দীর্ঘদিন ধরে প্রদেশটির বিভিন্ন সামরিক, আধাসামরিক ও সরকারি স্থাপনায় হামলা চালিয়ে আসছে। এমন সময় এই হামলার দাবি করা হলো, যখন বেলুচিস্তানে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা আগের তুলনায় বেড়েছে। আয়তনের দিক থেকে এটি পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ হলেও জনসংখ্যা সবচেয়ে কম। বহু বছর ধরে সেখানে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ চলছে। বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর অভিযোগ, বেলুচিস্তানের প্রাকৃতিক সম্পদের ন্যায্য সুবিধা স্থানীয় মানুষ পাচ্ছে না। তারা প্রদেশটির জন্য আরো বেশি স্বায়ত্তশাসন এবং প্রাকৃতিক সম্পদের ওপর স্থানীয়দের অধিক নিয়ন্ত্রণের দাবি জানিয়ে আসছে। অন্যদিকে পাকিস্তান সরকার এসব সশস্ত্র গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।
পাকিস্তান ছাড়াও আরো কয়েকটি দেশ বেলুচ লিবারেশন আর্মিকে (বিএলএ) সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। সাম্প্রতিক বছরগুলোতে বেলুচিস্তানে ঘটে যাওয়া সবচেয়ে প্রাণঘাতী কয়েকটি হামলার জন্য এই সংগঠনটিকেই দায়ী করা হয়েছে। এর মধ্যে নিরাপত্তা বাহিনীর স্থাপনায় হামলা এবং আত্মঘাতী বোমা হামলাও রয়েছে। তবে জিওয়ানির এই হামলার বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ফলে বিএলএর দাবি করা হতাহতের সংখ্যা এবং হামলার বিস্তারিত পরিস্থিতি স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।