
বিএন বাংলা রিপোর্ট : বরিশালের চিকিৎসাসেবায় পরিচিত নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডাঃ অমিতাভ সরকারের বিরুদ্ধে রোগীদের অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ, বেসরকারি হাসপাতালে রোগী রেফার, পরীক্ষা ও হাসপাতালসংশ্লিষ্ট বিভিন্ন খাত থেকে কমিশন গ্রহণ এবং সরকারি দায়িত্ব পালনের সময় বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগ উঠেছে।
তিনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক। মস্তিষ্ক, স্ট্রোক, স্নায়ু ও নিউরোমেডিসিনের চিকিৎসক হিসেবে তাঁর কাছে বিপুলসংখ্যক রোগী চিকিৎসা নিতে আসেন। অভিযোগ রয়েছে, রোগীর এই আস্থাকে কাজে লাগিয়ে তিনি বরিশালের তিনটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান—বেলভিউ হাসপাতাল ও মেডিকেল সার্ভিসেস, রাহাত আনোয়ার হাসপাতাল এবং কেএমসি হাসপাতাল—এর ওপর প্রভাব বিস্তার করেছেন।স্বাচিপের ক্ষমতা,শশুর পরিবারের প্রভাবে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত ১৭ বছরে পুর্নাঙ্গ নিউরো মেডিসিন বিভাগ গড়ে উঠেনি।নিজের আয় কমে যাওয়ার ভয়তে তিনি একচেটিয়াভাবে নিউরোমেডিসিনের রোগীদের নিয়ে বানিজ্য করেছেন। স্বাচিপের এই নেতা এখনো বহাল তবিয়তে থাকায় চিকিৎসক ও স্বাস্থ্য সচেতন মহলে উঠেছে বিভিন্ন প্রশ্ন।
সম্প্রতি মো. মাসুম নামের এক ব্যক্তি ডাঃ অমিতাভ সরকারের বিরুদ্ধে স্বাস্থ্য সচিব এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, রোগীদের প্রয়োজন না থাকা সত্ত্বেও সিটি স্ক্যান, এমআরআইসহ বিভিন্ন পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয় এবং এসব পরীক্ষার বিপরীতে কমিশন নেওয়ার অভিযোগ রয়েছে।
অভিযোগকারী দাবি করেছেন, প্রতিটি সিটি স্ক্যান ও এমআরআই পরীক্ষা থেকে ১ হাজার টাকা করে এবং অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে ২৫ শতাংশ পর্যন্ত কমিশন নেওয়া হয়। ওই কমিশনের একটি অংশ রোগীর টেস্ট স্লিপে ‘লেস’ বা ছাড়ের নামে সমন্বয় করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া তিনটি বেসরকারি হাসপাতালে তাঁর ভর্তি করা রোগীদের বেড ভাড়ার ওপর ৭ থেকে ১২ শতাংশ পর্যন্ত কমিশন এবং প্রতি রাউন্ডে ৭০০ থেকে ৮০০ টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
অভিযোগে আরও বলা হয়, সুস্থ রোগীদের ক্ষেত্রেও ফিজিওথেরাপির পরামর্শ দেওয়া হয় এবং নির্দিষ্ট বেলব্যান ফিজিওথেরাপি সেন্টারে রোগী পাঠানোর বিনিময়ে রোগীপ্রতি ২৫ শতাংশ অর্থ নেওয়া হয়।
হাসপাতালসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে অভিযোগে বলা হয়েছে, ডাঃ অমিতাভ সরকারের রোগীর সংখ্যা বেশি হওয়ায় বেলভিউ, রাহাত আনোয়ার ও কেএমসি হাসপাতাল তাঁর ওপর উল্লেখযোগ্যভাবে নির্ভরশীল হয়ে পড়েছে।
অভিযোগকারীদের ভাষ্য, তিনি যেসব রোগী দেখেন, তাদের একটি অংশকে নির্দিষ্ট বেসরকারি হাসপাতালে ভর্তি করানোর জন্য পরামর্শ বা সুপারিশ দেওয়া হয়। বিশেষ করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিউরোমেডিসিন, স্ট্রোক ও স্নায়ুরোগীদের তাঁর নিয়োগ দেওয়া ব্যক্তিদের মাধ্যমে নির্দিষ্ট বেসরকারি হাসপাতাল ও চেম্বারে নেওয়ার অভিযোগও রয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, দীর্ঘদিন ধরেই তাঁর কাছে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রভাবিত করে বেসরকারি হাসপাতালে পাঠানোর একটি ব্যবস্থা গড়ে উঠেছে।
ডাঃ অমিতাভ সরকারের দৈনন্দিন কর্মসূচি নিয়েও অভিযোগ রয়েছে। অভিযোগে দাবি করা হয়েছে, তিনি সকালে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হয়ে আঙুলের ছাপ দিয়ে বাসায় চলে যান। পরে কলেজে ক্লাস নেওয়ার পর হাসপাতালের সংশ্লিষ্ট ওয়ার্ডে সংক্ষিপ্ত সময়ের জন্য রাউন্ড দিয়ে বেসরকারি হাসপাতালে চলে যান।
অভিযোগ অনুযায়ী, প্রথমে রাহাত আনোয়ার হাসপাতালে রোগী দেখেন ও ভর্তি রোগীদের পরিদর্শন করেন। এরপর কেএমসি হাসপাতাল এবং পরে বেলভিউ হাসপাতালে গিয়ে রোগী দেখেন। এভাবে প্রতিদিন তিনটি প্রতিষ্ঠানে বিপুলসংখ্যক রোগী দেখার দাবি করা হয়েছে।
অভিযোগকারীর ভাষ্য, সরকারি কর্মঘণ্টার সঙ্গে এসব কার্যক্রমের কোনো ধরনের সংঘাত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন।
ডাঃ অমিতাভ সরকারের বিরুদ্ধে বেলভিউ হাসপাতাল ও মেডিকেল সার্ভিসেসের পরিচালনা কাঠামোয় প্রভাব বিস্তারের অভিযোগও রয়েছে।
অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি হাসপাতালটির বৈধ কমিটি তাঁর প্রভাবেই ভেঙে দেওয়া হয়েছে এবং তিনি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে আগ্রহী।
এ ছাড়া হাসপাতালের শেয়ার নিয়েও অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, বেলভিউ হাসপাতালের প্রতিটি শেয়ারের মূল্য মোট ১০ লাখ টাকা—যার মধ্যে লিখিত মূল্য ৫ লাখ এবং কথিত অলিখিত মূল্য আরও ৫ লাখ টাকা। সেখানে ডাঃ অমিতাভ সরকার ৫ লাখ টাকায় শেয়ার কিনেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ডাঃ অমিতাভ সরকার চিকিৎসক হিসেবে দক্ষ—এমন বক্তব্য তাঁর রোগীদের একটি অংশের কাছ থেকে পাওয়া যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। কিন্তু একই সঙ্গে তাঁর বিরুদ্ধে চিকিৎসার নামে রোগীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরির অভিযোগও রয়েছে।
অভিযোগকারীরা বলছেন, প্রয়োজনের তুলনায় বেশি পরীক্ষা-নিরীক্ষা, অতিরিক্ত ফি, অপ্রয়োজনীয় হাসপাতালে ভর্তি এবং নির্দিষ্ট প্রতিষ্ঠানে রোগী পাঠানোর কারণে নিম্ন ও মধ্যবিত্ত রোগীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কিছু রোগীর অভিযোগ, তাঁকে দেখাতে এসে পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে অনেকেই আর্থিক সংকটে পড়েছেন।
সুত্র জানায় তিনি ডাক্তার হিসেবে ভালো হলেও টাকা কামানোই এখন তার বড় নেশা। লোভ লালসার কারনেই ডাক্তার অমিতাভ সরকারের নিজ মেয়েকে নিঃসন্তান ভানুলাল দে এর নিকট রেজিষ্ট্রেশন করে দত্তক দিয়েছেন।
হাসপাতালসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে অভিযোগে ডাঃ অমিতাভ সরকারকে আওয়ামী লীগপন্থী চিকিৎসকদের পেশাজীবী সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) আজীবন সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও দাবি করা হয়েছে, রাজনৈতিক ও শশুর পরিবারের প্রভাবের কারণে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ সময়েও পূর্ণাঙ্গ নিউরোমেডিসিন বিভাগ গড়ে ওঠেনি এবং এতে তাঁর ব্যক্তিগত চিকিৎসা ব্যবসা সুবিধা পেয়েছে।
ডাঃ অমিতাভ সরকারের বিরুদ্ধে বিভিন্ন ঔষধ কোম্পানির কাছ থেকে অনৈতিক সুবিধা গ্রহণ এবং কোম্পানির সৌজন্যে বিদেশ ভ্রমণের অভিযোগও করা হয়েছে।
অভিযোগে দাবি করা হয়েছে, চিকিৎসকের প্রভাব ও রোগীর সংখ্যা বিবেচনায় নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান তাঁকে নানা ধরনের সুবিধা দিয়ে থাকে।
ডাক্তার অমিতাভ সরকারের বিরুদ্ধে করফাকিঁর মত গুরুতর অভিযোগ উঠেছে।তার আয়কর নথি অডিটে গেলে বড় ধরনের করফাকিঁর বিষয়টি ধরা পরে। সম্প্রতি আয়কর বিভাগের সাথে এক মধ্যস্থতাকারী বিশ লাখ টাকার বিনিময়ে অডিট আপত্তি নিষ্পত্তি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।তার আয়কর নথি পুনরায় অডিট করারও দাবী করা হয়।
মো. মাসুমের করা লিখিত অভিযোগে বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠানে দায়িত্ব পালনরত অবস্থায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের শেয়ার ক্রয়, রোগীর পরীক্ষা-নিরীক্ষা থেকে কমিশন গ্রহণ, ঔষধ কোম্পানির কাছ থেকে অনৈতিক সুবিধা গ্রহণ এবং সরকারি দায়িত্বের সঙ্গে সাংঘর্ষিকভাবে প্রাইভেট প্র্যাকটিসের অভিযোগগুলো তদন্তের দাবি রাখে।
অভিযোগকারী দাবি করেছেন, এসব কর্মকাণ্ড সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর সঙ্গে সাংঘর্ষিক ।
আবেদনে ডাঃ অমিতাভ সরকারকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দ্রুত বদলি এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
একজন চিকিৎসকের বিরুদ্ধে ওঠা কমিশন, অপ্রয়োজনীয় পরীক্ষা, রোগী রেফার, সরকারি সময়ের প্রাইভেট প্র্যাকটিস এবং বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক সম্পৃক্ততার অভিযোগ কেবল ব্যক্তিগত অনিয়মের প্রশ্ন নয়; এর সঙ্গে জড়িত রোগীর অধিকার, সরকারি হাসপাতালের সেবার মান এবং চিকিৎসা ব্যবস্থার ওপর জনআস্থার বিষয়ও।
অভিযোগগুলো সত্য হলে তা চিকিৎসা নীতিমালা ও সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে গুরুতর প্রশ্ন তৈরি করবে। আর অভিযোগগুলো সত্য না হলে তদন্তের মাধ্যমেই তা পরিষ্কার হওয়ার সুযোগ রয়েছে।
তাই অভিযোগের নিষ্পত্তিতে প্রয়োজন স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত—যেখানে রোগীর প্রেসক্রিপশন, পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজনীয়তা, হাসপাতালের ভর্তি রেকর্ড, চিকিৎসকের কর্মঘণ্টা, বেসরকারি প্রতিষ্ঠানের আর্থিক হিসাব, শেয়ার মালিকানার নথি এবং সংশ্লিষ্টদের বক্তব্য যাচাই করা ।
বরিশালের চিকিৎসাসেবায় দীর্ঘদিন ধরে আলোচিত এসব অভিযোগের প্রকৃত চিত্র শেষ পর্যন্ত নির্ধারিত হবে নথি, তথ্য-প্রমাণ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তে।
ডাঃ অমিতাভ সরকারের বক্তব্য: এই প্রতিবেদনের প্রস্তুতির সময় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
(এদিকে তিনি ঢাকায় কোথায় থাকেন,কাদের সাথে থাকেন বিস্তারিত আগামী পর্বে)