
সামরিক সক্ষমতা আরও জোরদার করতে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম নতুন ৫ হাজার টনের একটি ডেস্ট্রয়ার নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। যুদ্ধজাহাজটির বিভিন্ন অস্ত্রব্যবস্থার সফল পরীক্ষা শেষে দ্রুত কমিশনিং সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন দেশটির নেতা কিম জং উন।
রোববার (৫ জুলাই) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, ‘কাং কন’ নামের নতুন ডেস্ট্রয়ার থেকে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র, নৌ কামান, স্বয়ংক্রিয় অস্ত্র এবং ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জামের পরীক্ষা চালানো হয়েছে। পুরো কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেন কিম জং উন।
বিশেষজ্ঞদের মতে, উত্তর কোরিয়ার ব্যবহৃত ‘কৌশলগত’ শব্দটি সাধারণত পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র বা অস্ত্রব্যবস্থাকে নির্দেশ করে। ফলে নতুন এই যুদ্ধজাহাজকে ঘিরে দেশটির পারমাণবিক নৌ সক্ষমতা আরও বাড়ার ইঙ্গিত মিলছে।
কেসিএনএ জানায়, সর্বশেষ পরীক্ষা ছিল যুদ্ধ পরিস্থিতিতে ডেস্ট্রয়ারটির বিভিন্ন অস্ত্রব্যবস্থার কার্যকারিতা যাচাইয়ের অংশ। গত জুনে জাহাজটি পানিতে নামানো হলেও প্রথম প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল এবং সেটি উল্টে গিয়েছিল।
এদিকে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার উত্তর কোরিয়া পূর্ব সাগরের দিকে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ঘটনাটি নিয়ে সিউল ও ওয়াশিংটন যৌথভাবে বিশ্লেষণ চালিয়ে যাচ্ছে।
কিম জং উন বলেন, দেশের যুদ্ধ প্রতিরোধ ও যুদ্ধ পরিচালনার সক্ষমতা আরও শক্তিশালী করতে হবে। নিরঙ্কুশ সামরিক শক্তি অর্জনের লক্ষ্য বাস্তবায়নে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তিনি।
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন, সব ধরনের পরীক্ষামূলক কার্যক্রম দ্রুত শেষ করে আগামী দুই মাসের মধ্যে ‘কাং কন’ ডেস্ট্রয়ারকে আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করতে। একই সঙ্গে যুদ্ধজাহাজ নির্মাণ শিল্পের উন্নয়ন নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকও করেন তিনি।
বিশেষজ্ঞদের ধারণা, পরীক্ষায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়ার ‘হোয়াসাল’ সিরিজের, যা ভবিষ্যতে নতুন ডেস্ট্রয়ারগুলোতে মোতায়েন করা হতে পারে।
এর আগে গত মাসে ‘চোয়ে হিয়ন’ নামে আরেকটি ৫ হাজার টনের ডেস্ট্রয়ার আনুষ্ঠানিকভাবে চালু করে উত্তর কোরিয়া। দেশটির দাবি, এটি পশ্চিম সাগরে প্রতিরক্ষা ও যুদ্ধ প্রতিরোধের দায়িত্ব পালন করবে।
কোরিয়া ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোরামের মহাসচিব শিন জং-উর মতে, পশ্চিম সাগরে ‘চোয়ে হিয়ন’ এবং পূর্ব সাগরে ‘কাং কন’ মোতায়েনের মাধ্যমে পারমাণবিক সক্ষমতাসম্পন্ন নৌবাহিনী গঠনের পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের পথে এগোচ্ছে পিয়ংইয়ং।
বিশেষজ্ঞদের মতে, এই পরিকল্পনা সফল হলে পারমাণবিক সক্ষম নৌবাহিনীর অধিকারী দেশগুলোর তালিকায় উত্তর কোরিয়া ষষ্ঠ দেশ হিসেবে যুক্ত হবে। বর্তমানে এই সক্ষমতা রয়েছে রাশিয়া, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স ও ভারতের। এছাড়া অস্ট্রেলিয়া, ব্রাজিলসহ আরও কয়েকটি দেশ পারমাণবিক সাবমেরিন নির্মাণ বা উন্নয়ন প্রকল্প নিয়ে কাজ করছে।