
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নাতনি, ১৪ মাস বয়সী জাহরা মোহাম্মদী গোলপায়েগানির বাবা শেখ মোহাম্মদ জাভাদ গোলপায়েগানির একটি আবেগঘন ছবি প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। জানাজায় নিহত শিশুকন্যার কফিনের পাশে শোকাহত বাবার সেই মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
রোববার (৫ জুলাই) স্থানীয় সময় সকাল ৬টায় তেহরানের গ্র্যান্ড মোসল্লায় আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন দেশটির শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানি।
ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা জানায়, আয়াতুল্লাহ আলী খামেনি, তার জামাতা মেসবাহ-উল-হোদা বাকেরি, বড় মেয়ে সাইয়্যেদাহ বোশরা হোসেইনি খামেনি, পুত্রবধূ জাহরা হাদ্দাদ আদেল এবং ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদী গোলপায়েগানির জানাজা একসঙ্গে সম্পন্ন হয়।
জানাজা শেষে ইরনা প্রকাশিত ছবিতে দেখা যায়, নিহত শিশু জাহরার কফিনের পাশে দাঁড়িয়ে শোকাহত অবস্থায় আছেন তার বাবা শেখ মোহাম্মদ জাভাদ গোলপায়েগানি।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, শেখ মোহাম্মদ জাভাদ গোলপায়েগানি শিয়া আলেম এবং শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির বড় মেয়ে সাইয়্যেদাহ বোশরা হোসেইনি খামেনির স্বামী। তিনি ১৪ মাস বয়সী জাহরার বাবা এবং প্রয়াত আয়াতুল্লাহ আবুল কাসেম মোহাম্মদী গোলপায়েগানির ছেলে।
এদিকে, প্রথম জানাজার পর ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভি প্রথমবারের মতো খামেনির জামাতা ড. মেসবাহ-উল-হোদা বাকেরির একটি ছবিও প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ওই ছবিতে তাকে শ্বশুর আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়।
ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ড. মেসবাহ-উল-হোদা বাকেরি ছিলেন খামেনির দ্বিতীয় মেয়ে হোদা সাদাত খামেনির স্বামী এবং কূটনীতিক আলী বাকেরি কানির ভাই। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় খামেনি পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তিনিও নিহত হন।
এ ছাড়া জানাজায় আয়াতুল্লাহ আলী খামেনির তিন ছেলে—মোস্তফা খামেনি, মাসুদ খামেনি ও মেসাম হোসেইনি খামেনিকে উপস্থিত থাকতে দেখা যায়। তবে নিরাপত্তাজনিত কারণে বর্তমান সর্বোচ্চ নেতা ও খামেনির দ্বিতীয় ছেলে আয়াতুল্লাহ মোজতবা খামেনি রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠানে অংশ নেননি।