
বিশ্বজুড়ে ধনকুবেরের সংখ্যা বাড়লেও একই সঙ্গে বেড়েছে সম্পদের বৈষম্য। সুইজারল্যান্ডভিত্তিক ব্যাংক ইউবিএসের প্রকাশিত সর্বশেষ ‘গ্লোবাল ওয়েলথ রিপোর্ট’ বলছে, ২০২৫ সালে বিশ্বে প্রায় ১০ লাখ মানুষ নতুন করে মিলিয়নেয়ারের তালিকায় যুক্ত হয়েছেন। তবে সম্পদ বণ্টনের দিক থেকে সবচেয়ে বেশি বৈষম্য দেখা গেছে সংযুক্ত আরব আমিরাত, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকায়।
এটি ইউবিএসের ১৭তম বৈশ্বিক সম্পদ প্রতিবেদন। এতে যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়া-প্যাসিফিক, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলে সম্পদ সৃষ্টি এবং এর বণ্টনের চিত্র তুলে ধরা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে টানা তৃতীয় বছরের মতো বিশ্বজুড়ে ব্যক্তিগত সম্পদের পরিমাণ বেড়েছে। এ সময় মোট ব্যক্তিগত সম্পদ ১০ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা ২০২৩ ও ২০২৪ সালের তুলনায় দ্বিগুণেরও বেশি প্রবৃদ্ধি।
ইউবিএস গ্লোবাল ওয়েলথ ম্যানেজমেন্টের সহ-প্রধান ইকবাল খান বলেন, অর্থনৈতিক পরিস্থিতির পরিবর্তন, প্রযুক্তিগত রূপান্তর এবং বিভিন্ন বাজারে নতুন সুযোগ তৈরি হওয়ায় এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যাদের সম্পদের পরিমাণ অন্তত ১০ লাখ মার্কিন ডলার, তাদের মিলিয়নেয়ার হিসেবে বিবেচনা করা হয়েছে। গত বছর প্রতিদিন গড়ে ২ হাজার ৬০০ জনের বেশি মানুষ এই তালিকায় যুক্ত হয়েছেন। নতুন ধনকুবেরদের প্রায় অর্ধেকই যুক্তরাষ্ট্রের নাগরিক।
তবে সম্পদের সামগ্রিক প্রবৃদ্ধি সত্ত্বেও অধিকাংশ দেশে মধ্যক সম্পদ (মিডিয়ান ওয়েলথ) কমেছে। ইউবিএসের মতে, এই সূচক অতি ধনীদের সম্পদের প্রভাব কম প্রতিফলিত করায় সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থার তুলনামূলক নির্ভুল চিত্র তুলে ধরে।
মধ্যক সম্পদের দিক থেকে বিশ্বে শীর্ষে রয়েছে লুক্সেমবার্গ, দ্বিতীয় বেলজিয়াম এবং তৃতীয় অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। দেশটিতে জনপ্রতি মধ্যক সম্পদের পরিমাণ প্রায় ২ লাখ ১০ হাজার মার্কিন ডলার।
অস্ট্রেলিয়ার অর্থনীতিবিদ সল এসলেক বলেন, দেশটিতে মধ্যবিত্ত ও ধনীদের মধ্যে সম্পদের ব্যবধান বাড়লেও অন্যান্য অনেক দেশের তুলনায় সম্পদ বণ্টন তুলনামূলকভাবে বেশি ভারসাম্যপূর্ণ।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, নতুন ধনকুবের হওয়ার অর্থ এই নয় যে তাদের হাতে বিপুল পরিমাণ নগদ অর্থ রয়েছে। অনেকের ক্ষেত্রেই নিজেদের বসবাসের বাড়ির মূল্য বৃদ্ধি পাওয়ায় তাদের মোট সম্পদের পরিমাণ ১০ লাখ ডলার ছাড়িয়েছে। তবে এতে তাদের প্রকৃত ব্যয়যোগ্য আয় বাড়েনি।
ইউবিএস সম্পদ বৈষম্য পরিমাপের জন্য ‘জিনি কোএফিশিয়েন্ট’ ব্যবহার করেছে, যার মান শূন্য থেকে ১-এর মধ্যে নির্ধারণ করা হয়। শূন্য মানে সম্পদের সমান বণ্টন এবং ১ মানে সব সম্পদ একজনের হাতে কেন্দ্রীভূত।
এই সূচকে অস্ট্রেলিয়ার স্কোর ০ দশমিক ৫৩, যা আগের বছরের ০ দশমিক ৫৫ থেকে কিছুটা কম। অর্থাৎ দেশটিতে সম্পদ বৈষম্য সামান্য হ্রাস পেয়েছে।
প্রতিবেদনে অন্তর্ভুক্ত ৫৬টি দেশের মধ্যে সবচেয়ে কম সম্পদ বৈষম্যের দেশ হিসেবে শীর্ষে রয়েছে স্লোভাকিয়া। অন্যদিকে সবচেয়ে বেশি সম্পদ বৈষম্য দেখা গেছে সংযুক্ত আরব আমিরাত, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকায়।
প্রতিবেদনটি আরও উল্লেখ করেছে, একটি দেশ একই সঙ্গে অত্যন্ত সমৃদ্ধ এবং উচ্চ বৈষম্যপূর্ণ হতে পারে। আবার সম্পদের তুলনামূলক সমবণ্টন নিশ্চিত করেও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়া সম্ভব।