মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়ে ‘নজর রাখছে’ ভারত

লেখক:
প্রকাশ: ৩ মাস আগে

নয়া দিল্লি: আলোচিত মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আগ্রহের বিষয়ে ভারত পরিস্থিতির ওপর ‘নিবিড়ভাবে নজর’ রাখছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (২৮ আগস্ট) নয়া দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন।

ব্রিফিংয়ে ওই সাংবাদিক মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের আগ্রহের বিষয়ে জানতে চান। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এর আগে ওই চুক্তিতে যোগ দেওয়ার আগ্রহের কথা জানিয়েছিলেন।

এর আগে বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও মক্কা চুক্তিকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেন।

তিনি বলেন, চুক্তিটি যদি আরও বিস্তৃত হয়, তাহলে এটি ‘বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার ব্যবস্থা’ হতে পারে। তাঁর ভাষায়, এটি ‘মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়’ এবং এ নিয়ে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের সম্ভাবনা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখনো যোগ দেওয়া বা না দেওয়ার বিষয়টি চূড়ান্তভাবে সামনে আসেনি। বিষয়টি নির্ভর করছে চুক্তির সদস্যদের অভিপ্রায়ের ওপর।

তিনি বলেন, চুক্তির সদস্যরা যদি বাংলাদেশকে এতে অন্তর্ভুক্ত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন, তাহলে বাংলাদেশ সরকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।

এদিকে বাংলাদেশের এই অবস্থানের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, তারা সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছেন।

মক্কা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে ভারতের পক্ষ থেকে এটিই এখন পর্যন্ত প্রকাশ্যে দেওয়া অবস্থান।