মালয়েশিয়ায় বড় অভিযান, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭

লেখক:
প্রকাশ: ৩ মাস আগে
মালয়েশিয়ায় বড় অভিযান, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলানের সেরেমবান এলাকায় বাজেট হোটেল ও হোস্টেলকে কেন্দ্র করে বিদেশি নারীদের মাধ্যমে পরিচালিত কথিত যৌন ব্যবসার সন্ধান পেয়েছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)। এ ঘটনায় স্থানীয় ও বিদেশি নাগরিকসহ মোট ৫৭ জনকে আটক করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) দুপুর ২টার দিকে সেরেমবানের তিনটি স্থানে অভিযান চালায় জেআইএমের পুত্রাজায়া সদর দপ্তরের গোয়েন্দা ও বিশেষ অভিযান বিভাগের কর্মকর্তারা। অভিযানে কুয়ালালামপুরে ইন্দোনেশিয়ার দূতাবাসের (কেবিআরআই) কর্মকর্তারাও সহযোগিতা করেন।

অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, অভিযানে আটক ৫৭ জনের মধ্যে সাতজন স্থানীয় নাগরিক, তিনজন ইন্দোনেশিয়ার, ১২ জন বাংলাদেশি এবং তিনজন মিয়ানমারের নাগরিক রয়েছেন। আটক ব্যক্তিদের বয়স ১৯ থেকে ৬৫ বছরের মধ্যে।

কীভাবে চলছিল কার্যক্রম?
অভিবাসন বিভাগের প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র দৈনিক ও সাপ্তাহিক ভিত্তিতে হোস্টেল ও বাজেট হোটেলে বিদেশি নারীদের থাকার ব্যবস্থা করত।

কর্তৃপক্ষের ধারণা, স্থানীয় ও বিদেশি নাগরিকদের মধ্য থেকে কয়েকজন ‘ক্যাপ্টেন’ বা ম্যানেজার হিসেবে পুরো কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ করতেন।

তদন্তে আরও জানা গেছে, বিদেশি নারীরা গ্রাহকদের কাছ থেকে প্রতি সেবার জন্য প্রায় ৫০ রিঙ্গিত নিতেন। গ্রাহকদের মধ্যে স্থানীয় ও বিদেশি নাগরিক—উভয়ই ছিলেন।

প্রাথমিক তদন্ত অনুযায়ী, প্রায় এক বছর ধরে এই কার্যক্রম চলছিল।

বছরে ৫ লাখ ৪০ হাজার রিঙ্গিত লাভের ধারণা
অভিবাসন বিভাগ বলছে, চক্রটির কার্যক্রম ছিল সুসংগঠিত এবং নির্দিষ্ট ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালিত হতো।

এই অবৈধ ব্যবসা থেকে বছরে আনুমানিক ৫ লাখ ৪০ হাজার রিঙ্গিত লাভ হতো বলে ধারণা করছে দেশটির অভিবাসন বিভাগ।

ঘটনাটি নিয়ে আরও তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।