
চীন মহাকাশে একগুচ্ছ নতুন কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) সফলভাবে উৎক্ষেপণ করেছে। দেশটির উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের তাইয়ুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে এসব স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়।
রোববার (৫ জুলাই) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
বেইজিংভিত্তিক সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, শনিবার একটি পরিবর্তিত (মডিফায়েড) ‘লং মার্চ-৬’ ক্যারিয়ার রকেটের মাধ্যমে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের পর সেগুলো সফলভাবে নির্ধারিত কক্ষপথে স্থাপন করা হয়েছে।
জানা গেছে, নতুন স্যাটেলাইটগুলো চীনের বৃহৎ বাণিজ্যিক নিম্ন-কক্ষপথ (লো-অরবিট) স্যাটেলাইট নেটওয়ার্ক ‘স্পেসসেইল কনস্টেলেশন’-এর অংশ হিসেবে কাজ করবে।
এদিকে, সর্বশেষ এই উৎক্ষেপণের মাধ্যমে চীনের ‘লং মার্চ’ ক্যারিয়ার রকেট সিরিজের মোট ৬৫৫টি মিশন সম্পন্ন হলো, যা দেশটির মহাকাশ কর্মসূচির আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।